জেলা প্রতিনিধি
১৩ জুন ২০২৬, ১২:২৪ এএম
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশি নাগরিকদের হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে ফেনী শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘১১ দলীয় ঐক্য’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশের সীমান্তে যেভাবে পুশ-ইন ও অন্যান্য অপতৎপরতা চালাচ্ছে, পৃথিবীর কোনো সীমান্তে এ ধরনের ঘটনার নজির নেই। তারা এটিকে ‘অসভ্য তৎপরতা’ আখ্যা দিয়ে তা বন্ধের দাবি জানান।
বক্তারা আরও বলেন, ভারত যদি এ অসভ্যতা বন্ধ না করে, তাহলে সরকারি দল ও বিরোধী দল একত্রিত হয়ে সমুচিত জবাব দেবে। একই সঙ্গে তারা সরকারের প্রতি নতজানু মানসিকতা পরিহার করে দেশের স্বার্থে ভারত বিষয়ে কঠোর ভূমিকা রাখার অনুরোধ জানান।
জামায়াতে ইসলামী ফেনী জেলা আমির মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
জামায়াতের জয়েন্ট সেক্রেটারি জামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফতে মজলিসের জেলা সভাপতি মুজাফফর আহমদ জাফরী, খেলাফত মজলিসের নেতা নাজমুল আলম, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আবদুর রহীম, ছাত্রশিবিরের ফেনী জেলা সভাপতি ইমাম হোসেন আরমান, এনসিপির যুব পার্টির সভাপতি পারভেজ আহাম্মদ, ইসলামী ছাত্রশিবিরের শহর সেক্রেটারি শফিকুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ফেনী জেলা সভাপতি মোহাম্মদ ইসমাইল ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফেনী জেলা সভাপতি ফারুক আহমেদ আজাদ প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের খেজুর চত্বর, বড় জামে মসজিদ হয়ে জহিরিয়া মসজিদ ও ট্রাংক রোড প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
প্রতিনিধি/এমআই