images

সারাদেশ

বরগুনায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম, গণপিটুনিতে নিহত ১

জেলা প্রতিনিধি

১২ জুন ২০২৬, ১০:৪৭ পিএম

বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের পাতাকাটা গ্রামে ইউনিয়ন পরিষদের এক সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনায় গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের পাতাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ইউপি সদস্য গোলাম মোস্তফা স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। নিহত ইব্রাহিম হোসেন কালু এবং আহত তৌহিদ একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানা যায়, বিকেলে গোলাম মোস্তফার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয় লোকজন হামলাকারীদের ধাওয়া দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। একপর্যায়ে গণপিটুনিতে ইব্রাহিম হোসেন কালু নিহত হন এবং তৌহিদ আহত হন। গুরুতর আহত গোলাম মোস্তফাকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত তৌহিদকেও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, হামলার পেছনে পূর্ব বিরোধ ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্বের বিষয় থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনাটির বিস্তারিত তদন্ত চলছে।

প্রতিনিধি/এসএস