images

সারাদেশ

গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

জেলা প্রতিনিধি

১২ জুন ২০২৬, ০৯:১৫ পিএম

খুলনা মহানগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় তার সৎ ভাই মাহামুদুন চৌধুরী জনিকে আটক করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর ওই বাড়িতে অভিযান শুরু হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী অভিযান শেষে সন্ধ্যা ৬টার দিকে জনিকে আটক করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পুলিশ সূত্রে জানা যায়, রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর নেতৃত্বাধীন ‘বি কোম্পানি’ নামের সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে খুলনা নগরীতে একাধিক হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও মাদক কারবারের অভিযোগ রয়েছে। খুলনা সদর থানার তালিকাভুক্ত সন্ত্রাসীদের মধ্যে তার নাম রয়েছে শীর্ষে।

এদিকে, আটক মাহামুদুন চৌধুরী জনির বিরুদ্ধে ভাইয়ের প্রভাব খাটিয়ে মোংলা বন্দর কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের (সিঅ্যান্ডএফ) ভবন দখলের অভিযোগ রয়েছে। সংগঠনের সদস্য না হয়েও সম্প্রতি নিজেকে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঘোষণা করেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) রেজাউর রহমান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে হরিণটানা থানার শীর্ষ সন্ত্রাসী ইমন মোল্লা, সোনাডাঙ্গা থানার রনি শেখ ওরফে কাবাসহ কয়েকজনকে আটক করা হয়েছে। একই ধারাবাহিকতায় গ্রেনেড বাবুর বাড়িতেও অভিযান পরিচালনা করা হয় এবং সেখান থেকে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

প্রতিনিধি/এসএস