জেলা প্রতিনিধি
১২ জুন ২০২৬, ০৯:০৮ পিএম
ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদরাসার এক এতিম শিক্ষার্থীকে গরুর রশি দিয়ে গরুর সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এতে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর অভিযুক্ত কাওছার মৃধাকে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী তামিম ইসলাম (১০) বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা। তার মা ও বাবা মশিউর রহমান মারা গেছেন। মা-বাবাহীন তামিম এতিমখানায় থেকে লেখাপড়া করছে।
তিনি আলফাডাঙ্গা পৌরসভার নওয়াপাড়া গ্রামের চেরাগ আলীর বাড়িতে লজিং থেকে স্থানীয় মারকাজুল কুরআন মাদরাসার নাজেরা বিভাগে পড়াশোনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে মাদরাসার সীমানার ভেতরে কাওছার মৃধার একটি গরু ঢুকে গাছপালা খেতে শুরু করে। এ সময় তামিম গরুটিকে তাড়িয়ে দিলে গরুর মালিক কাওছার মৃধা ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, একপর্যায়ে তিনি তামিমকে গরুর রশি দিয়ে গরুর সঙ্গে বেঁধে ছেড়ে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গরুটি দৌড় দিতে শুরু করলে তামিমও টেনে নিয়ে যেতে থাকে। এ সময় রশি তার গলায় পেঁচিয়ে যায় এবং শ্বাসরোধের পরিস্থিতি সৃষ্টি হয়। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রশির চাপে তার গলায় আঘাতের স্পষ্ট চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। শুক্রবার সকালে নওয়াপাড়া ও কুচিয়াগ্রাম এলাকার মুরব্বিরা বিষয়টি নিয়ে সালিশ বৈঠকে বসেন। তবে কোনো সমাধান না হওয়ায় স্থানীয় যুবসমাজ অভিযুক্তের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি নেয়।
এরই মধ্যে শুক্রবার (১২ জুন) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কাওছার মৃধাকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম সোহাগ বলেন, একজন কোমলমতি শিশুর ওপর এ ধরনের অমানবিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
লজিং মালিক চেরাগ আলী বলেন, তামিম আমার সন্তানের মতো ছিল। তার সঙ্গে এমন নির্মম আচরণে আমি মর্মাহত। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।
মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য আসাদুজ্জামান বলেন, তামিম আমাদের মাদরাসার শিক্ষার্থী। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করছি।
অভিযুক্তের ছোট ভাই বিশু মৃধা বলেন, ঘটনার বিস্তারিত আমি জানি না। পুলিশ আমার ভাইকে আটক করেছে। তদন্তে যদি তার সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী বিচার হওয়া উচিত।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান শুক্রবার রাত পৌনে নয়টার দিকে বলেন, শিশু নির্যাতনের অভিযোগে কাওছার মৃধাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আজ সন্ধ্যার পরে (পৌনে আটটার দিকে) মামলা হয়েছে। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।
প্রতিনিধি/এসএস