images

সারাদেশ

নীলফামারীতে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের পাল্টাপাল্টি আনন্দ র‍্যালি

জেলা প্রতিনিধি

১২ জুন ২০২৬, ০৮:১১ পিএম

বিশ্বফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় নীলফামারীতে সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় নীলফামারী জেলা শহরের আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক গোষ্ঠী পৃথক পৃথকভাবে ঢোল-তবলা, বাদ্যযন্ত্র এবং বিশালাকৃতির পতাকা নিয়ে জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করেছে।

শুক্রবার (জুন ১২) বিকেলে নীলফামারী শহরের ঐতিহাসিক বড় মাঠ প্রাঙ্গণে দুই দলের সমর্থকরা নিজ নিজ দলের জার্সি পরিহিত অবস্থায় জড়ো হতে শুরু করেন। প্রিয় দলের পক্ষে স্লোগান আর করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।

এরপর একে একে দুই দলের সমর্থকরাই বড় মাঠ থেকে তাদের বিশালাকার পতাকাসহ আনন্দ র‍্যালিটি বের করেন। র‍্যালিটি শহরের প্রধান সড়ক ধরে এগোতে এগোতে গুরুত্বপূর্ণ চৌরঙ্গী মোড়ে এসে পৌঁছালে সেখানে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। দুই দলের সমর্থকরাই অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরকে টেক্কা দিয়ে নিজ দলের পক্ষে স্লোগান দিতে থাকেন।

340c4025-b399-43ee-abe1-db40aaaac78c

​চৌরঙ্গী মোড় অতিক্রম করে র‍্যালি দুটি জেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সড়ক যেমন— থানা মোড়, কালীবাড়ি মোড় ও বাস টার্মিনাল এলাকাসহ প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‍্যালিতে কয়েকশত ফুটবলপ্রেমী তরুণ, যুবকের পাশাপাশি সব বয়সী মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সমর্থকদের হাতে ছিল প্রিয় দলের তারকা খেলোয়াড়দের ছবি, প্ল্যাকার্ড এবং ১০০ থেকে ১৫০ ফুট লম্বা বিশালাকৃতির প্রিয় পতাকাসমূহ।

​র‍্যালিতে অংশ নেওয়া আর্জেন্টিনা হাবিবুর রহমান বলেন, ফুটবলে আর্জেন্টিনার শৈল্পিক খেলার কোনো তুলনা হয় না। আমরা আমাদের প্রিয় দলকে ভালোবেসে এবং আসন্ন জয়কে উদযাপন করতেই এই র‍্যালির আয়োজন করেছি।

আরেক সমর্থক মারুফ হোসেন বলেন, আমরা মেসিকে মিস করবো আগামী বিশ্বকাপ থেকে, এবারে আমর ডিমারিয়ার খেলা মিস করছি অনেক।

afd9a847-b488-4d11-8fc9-037429b0e0bd

অন্যদিকে পাল্টাপাল্টি র‍্যালিতে অংশ নেওয়া ব্রাজিল সমর্থকরা আত্মবিশ্বাসের সাথে জানান, ফুটবলের রাজা ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থক হিসেবে আমাদের উন্মাদনা সবসময়ই আলাদা। মাঠের খেলায় কে সেরা, তা দলই প্রমাণ করবে।

​প্রিয় দলকে নিয়ে সমর্থকদের মাঝে কথার লড়াই ও তুমুল উত্তেজনা থাকলেও, র‍্যালি দুটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নীলফামারীর ফুটবলপ্রেমীরা ফুটবলকে কেন্দ্র করে এক অনন্য সৌহার্দ্য ও উৎসবের দৃষ্টান্ত স্থাপন করেছেন। শহরের বিভিন্ন পয়েন্টে এই পাল্টাপাল্টি র‍্যালিটি সাধারণ পথচারী ও দর্শকদের মাঝেও ব্যাপক সাড়া ফেলে এবং পুরো নীলফামারী শহর যেন মেতে ওঠে এক মিনি ফুটবল বিশ্বকাপে।

প্রতিনিধি/এসএস