জেলা প্রতিনিধি
১২ জুন ২০২৬, ০৭:৪৩ পিএম
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (১২ জুন) বিকেলে উদ্ধার অভিযান শেষে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাঘডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামের পদ্মা নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুই শিশুর মধ্যে একজন বাখের আলী গ্রামের মো. জহুরুল ইসলামের ৮ বছর বয়সী মেয়ে মোসা. কারিমা। অপরজন একই ইউনিয়নের চাকপাড়া গ্রামের কাজল আহাদের ৭ বছর বয়সী মেয়ে ইসরাত।
দুপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে তারা পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।
প্রথমে একজন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে বিকেলে দীর্ঘ সময়ের উদ্ধার অভিযানের পর অপর শিশুর মরদেহও উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইফ হাসান শুভ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। বিকেলে নিখোঁজ দুই শিশুরই মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রতিনিধি/এসএস