images

সারাদেশ

বরিশালে আর্জেন্টিনা-ব্রাজিলের পালটাপালটি শোভাযাত্রা

জেলা প্রতিনিধি

১২ জুন ২০২৬, ০৬:১৬ পিএম

ফুটবল বিশ্বে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের পালটাপালটি শোভাযাত্রায় মুখর হয়ে উঠেছে বরিশাল নগরী।

শুক্রবার (১২ জুন) বিকেলে নগরীর বেলস পার্কে পৃথক মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে জড়ো হন দুই দলের সমর্থকরা।

এর আগে ও পরে নগরীর বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোভাযাত্রা করেন সমর্থকরা। এ সময় আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি পরে প্রিয় দলের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। মোটরসাইকেলে জাতীয় পতাকা, দলের পতাকা ও ব্যানার বহন করেন সমর্থকেরা।

26432e34-e3de-4eee-b843-9fee26f6c10f

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকেরা পৃথকভাবে শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাগুলো নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেলস পার্ক এলাকায় এসে শেষ হয়। এ সময় সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

সমর্থকেরা বলেন, ফুটবলপ্রেম থেকেই তারা এমন আয়োজন করেছেন। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ এবং সমর্থকদের একত্রিত করতেই এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

58e9b99b-4717-4740-8fac-d4a2066becd6

তবে শোভাযাত্রার কারণে কিছু এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নগরীর বিভিন্ন স্থানে সাধারণ মানুষও এ আয়োজন উপভোগ করতে দেখা যায়।

উল্লেখ্য, আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা ঘিরে বরিশালে প্রথমবারের মতো এমন উৎসবমুখর আয়োজন দেখা যায়।

প্রতিনিধি/এসএস