images

সারাদেশ

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ পেলেন প্রকৌশলী জসিম

জেলা প্রতিনিধি

১২ জুন ২০২৬, ০৫:২০ পিএম

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন।

বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ চুক্তিভিত্তিক নিয়োগের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬ এর ধারা-৫(২) অনুযায়ী প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ (এক) বছর মেয়াদে তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, কউকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া প্রকৌশলী জসিম উদ্দিন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৮৪ সালে রাষ্ট্রের মালিকানাধীন ইস্টার্ন রিফাইনারিতে চাকরিতে যোগ দেন এবং ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তিনি পেকুয়ার বাসিন্দা।

প্রতিনিধি/এসএস