images

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফের ছাত্রলীগের মিছিল, ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি

১২ জুন ২০২৬, ০৩:২৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের আরও একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট এলাকায় ২০ থেকে ২৫ জন নেতাকর্মীকে নিয়ে এ ঝটিকা মিছিল করা হয়। 

৪৪ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায়, মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন আফ্রিদি।

ভাইরাল হওয়া ভিডিও এবং ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, বাংলাদেশ ছাত্রলীগের পাঁচ লাখেরও বেশি নেতাকর্মীর শিক্ষার অধিকার প্রতিষ্ঠা, রাজবন্দিদের মুক্তি এবং ছাত্রলীগ ও আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রুহুল আমীন আফ্রিদি লেখেন, ‘হামলা-মামলা ও গ্রেফতারের পরোয়া না করে চরম বিরূপ পরিস্থিতির মধ্যেও যারা মিছিলে অংশগ্রহণ করেছে, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। লড়াই চলবেই।’

এদিকে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একাধিক ঝটিকা মিছিল ও মোটরসাইকেল শোডাউনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও সেখানে কাউকে পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের কাজ চলছে।’

তিনি আরও বলেন, ‘মিছিলে নেতৃত্ব দেওয়া আফ্রিদির বিরুদ্ধে চার থেকে পাঁচটি মামলা রয়েছে। তিনি এর আগে কারাগারে ছিলেন। ভিডিওর ভিত্তিতে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

প্রতিনিধি/এএইচ