জেলা প্রতিনিধি
১২ জুন ২০২৬, ০৩:০১ পিএম
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, গার্মেন্টস, রেমিট্যান্সসহ বিভিন্ন খাতে যে উন্নয়ন হয়েছে, তার ভিত্তি রচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি শিক্ষার প্রসার ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
শুক্রবার (১২ জুন) সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অ্যাফিলিয়েটেড বডি সমূহের ‘মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাবলেন।
মন্ত্রী বলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনকে নিয়ে কেউ রাজনীতি করবেন না। এটিকে সবাই জনগণের সম্পদ হিসেবে বিবেচনা করবেন। তিনি উল্লেখ করেন, মরহুম বেগম খালেদা জিয়া কখনও কোনো সমিতি বা সংগঠনে দলীয় লোকজনকে অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করেননি।
তিনি বলেন, বর্তমান প্রজন্মকে দেশের প্রকৃত ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি বাস্তব ও সত্য তথ্য সমাজ ও জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান।
জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি হাসনাইন আকতার হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্যদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনে জাতীয় সংসদ সদস্য মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এড. মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি প্রমুখ।
প্রতিনিধি/এজে