images

সারাদেশ

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি

১২ জুন ২০২৬, ১২:১৬ পিএম

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাছ ধরার জন্য পুকুরের পানি সেচ করতে গিয়ে বৈদ্যুতিক মোটরের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হাসান সোহেল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার কৈলাটি ইউনিয়নের উত্তর বাদে কনুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল উপজেলার কৈলাটি ইউনিয়নের উত্তর বাদে কনুড়া গ্রামের আলতু মিয়ার ছেলে।  

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বাড়ির পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটর ব্যবহার করে পানি সেচ করছিলেন সোহেল। সেচ করার সময় একপর্যায়ে  অসাবধানতাবশত লিকেজ বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মুহূর্তে তিনি পুকুরে পড়ে যান।

চিৎকার শুনে পাশে থাকা তার ভাই ফেরদৌস দ্রুত গিয়ে মেইন সুইচ বন্ধ করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ইয়াসির হাবিব তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার পরিদর্শক(তদন্ত) সজল সরকার বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এজে