images

সারাদেশ

পিরোজপুরে দুই হোটেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

১১ জুন ২০২৬, ০৯:০৫ পিএম

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার বাসস্ট্যান্ড এলাকার খাবার হোটেলগুলোতে অনিয়ম প্রতিরোধ এবং জনস্বার্থ রক্ষায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় ভাণ্ডারিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসানের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ড এলাকার খাবার হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করার দায়ে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা অমান্য করার অপরাধে দুই হোটেল ব্যবসায়ীকে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত হোটেল মালিক মো. কাসেম ও উজ্জ্বল প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান জানান, সাধারণ মানুষকে ভেজালমুক্ত, স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন খাবার পরিবেশন করা প্রতিটি ব্যবসায়ীর আইনি ও নৈতিক দায়িত্ব। জনস্বার্থ রক্ষায় এবং খাদ্যে ভেজাল ও অনিয়ম প্রতিরোধে উপজেলা প্রশাসনের এই কঠোর ও তাৎক্ষণিক পদক্ষেপ আগামীতেও অব্যাহত থাকবে। এ সময় সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, সাধারণ যাত্রীদের দুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকি কমাতে উপজেলা প্রশাসনের এই অভিযান ও কঠোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ পথচারীরা।