জেলা প্রতিনিধি
১১ জুন ২০২৬, ০৫:৪১ পিএম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঠেলে পাঠানো বৃদ্ধ নিজের পরিচয় দিয়েছেন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে। তাকে ভিডিওতে দেখে চিনতে পেরেছেন পরিবারের সদস্যরাও।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বকশীগঞ্জ থানা থেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে, সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে নো-ম্যানস ল্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসে।
উদ্ধার হওয়া বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক। গত প্রায় ২৪ ঘণ্টা ধরে তিনি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন।
পুলিশ ও তার পরিবার জানায়, দুই মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হয় ষষ্টি চন্দ্র বর্মন। কামালপুর সীমান্তে শূন্য রেখায় থাকা ওই বৃদ্ধকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। এরপর পরিচয় নিশ্চিত করে তাকে সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়।
তার ছোট ভাই ভবানি চন্দ্র বর্মন বলেন, দুই মাস আগে আমার ভাই নিখোঁজ হয়েছিল। তারপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার আর কোনো খোঁজ পায়নি। অবশেষে সীমান্তে আটকে থাকার ভিডিও দেখে তাকে শনাক্ত করতে পারি। ভাইকে ফিরে পেয়ে আমরা খুবই খুশি।
ষষ্ঠী চন্দ্রের ভাতিজা শ্রী গৌড় চন্দ্র বর্মন বলেন, আমার শ্বশুর দুই মাস আগে হঠাৎ নিখোঁজ হন। অনেক জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। গতকাল ফেসবুকে সীমান্তে আটকে থাকার ভিডিও দেখে তাকে চিনতে পারি। এরপর বিজিবির সঙ্গে যোগাযোগ করি।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মকবুল হোসেন জানান, বৃদ্ধকে থানায় আনার পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ হলে তারা তাকে শনাক্ত করে। পরে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা।
প্রতিনিধি/এজে