images

সারাদেশ

নাতনিকে উত্যক্ত করার প্রতিবাদে নানাকে হত্যা, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি

১১ জুন ২০২৬, ০২:৪৬ পিএম

যশোরের মনিরামপুরে নাতনিকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বৃদ্ধ এনামুল ইসলামকে হত্যার ঘটনায় এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতারকরা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) যশোরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-৬-এর কোম্পানি অধিনায়ক মেজর এ কে এম ফজলে রাব্বি প্রিন্স এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন— রাব্বি ও রাকিব। তারা মনিরামপুর উপজেলার একই এলাকার বাসিন্দা এবং হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-৬-এর কোম্পানি অধিনায়ক মেজর এ কে এম ফজলে রাব্বি প্রিন্স বলেন, বুধবার (১০ জুন) দিবাগত রাত সোয়া ১২টার দিকে র‍্যাব-৬-এর সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি বিশেষ দল যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ৮ জুন রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে এনামুল ইসলাম স্মরণপুর জামতলা মোড় থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে তার পথরোধ করে অভিযুক্তরা। পরে চাপাতি ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। স্থানীয় বাসিন্দা ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর মনিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। গ্রেফতার হওয়া রাব্বি ও রাকিব ওই মামলার এজাহারভুক্ত আসামি।

র‍্যাব জানিয়েছে, প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে গ্রেফতারদের মনিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/টিবি