images

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় পুশইন ঠেকাতে রাতেও সীমান্তে বিজিবির মাইকিং

জেলা প্রতিনিধি

১০ জুন ২০২৬, ০৯:৫৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পুশইন ঠেকাতে টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি সীমান্তবর্তী বাসিন্দাদের মাঝে সচেতনতা বাড়াতে রাতের বেলায়ও সতর্কতামূলক মাইকিং করছে বিজিবির ২৫ ব্যাটালিয়ন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়ার একাংশ এবং হবিগঞ্জের মাধবপুরের বিভিন্ন সীমান্ত এলাকায় গেল কয়েকদিন ধরে এ মাইকিং চলছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া কথা বলা হচ্ছে মাইকিংয়ে।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্তে বিদ্যমান পরিস্থিতিতে বিজিবির টহল কার্যক্রম আগের চেয়ে আরও বেশি জোরদার করা হয়েছে। ইতোমধ্যে ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে। এ বিষয়ে জনসাধারণও বিজিবিকে সহযোগিতা করছে।

তিনি আরও বলেন, ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ পুশইন প্রতিরোধসহ মাদক ও পণ্য চোরাচালান ঠেকাতে বিজিবি সদস্যরা সদা তৎপর রয়েছেন। এছাড়া গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কোনো অবস্থাতেই ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে অবৈধ পুশইন করতে দেওয়া হবে না।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগরের প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে। অতীতে এসব সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

প্রতিনিধি/এসএস