images

সারাদেশ

মিরসরাইয়ে তিন নারী মাদক কারবারিসহ গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি

১০ জুন ২০২৬, ০৮:৪৮ পিএম

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিন নারী মাদক কারবারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার (১০ জুন) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

 গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গা দম্পতি রয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ১৫ পিস ইয়াবাসহ জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুর এলাকার তপন দাসের ছেলে মুকেশ দাষ (২৬), দেড় হাজার ইয়াবাসহ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকার আব্দুর রহমানের ছেলে মো. আব্দুল্লাহ (২৪), তার স্ত্রী অলি আহমদের মেয়ে ফাতেমা আক্তার (২০), ৪৪৫ পিস ইয়াবাসহ উখিয়া উপজেলার মরিচ্যা পালং এলাকার মৃত আহম্মদ আব্দুল ওহাবের মেয়ে আনোয়ারা বেগম (৫০) ও মৃত আজগর আলীর মেয়ে আলিয়া বেগম (৩৫)।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম বলেন, মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জোরারগঞ্জ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রোহিঙ্গা নাগরিক মো. আব্দুল্লাহ ও তার স্ত্রী ফাতেমা আক্তারের কাছ থেকে ১৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস