জেলা প্রতিনিধি
১০ জুন ২০২৬, ০৮:২৫ পিএম
ফেনীর পৃথক তিন স্থানে বিদ্যুতায়িত হয়ে এক দিনে তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) ফেনী শহর, ছাগলনাইয়া ও সোনাগাজী উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ভোলা জেলার বাসিন্দা এবং অপর দুজন ফেনীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ফেনী শহরের পুলিশ কোয়ার্টার এলাকার জহুর হোসেন চৌধুরী সড়কের মজুমদার ভবনের তৃতীয় তলায় লোহার রড তুলছিলেন অটোরিকশাচালক ইমাম হোসেন। এ সময় অসাবধানতাবশত রডের উপরের অংশ বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ করলে তিনি বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ইমাম হোসেন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ চর মনিকা গ্রামের মাঝিবাড়ির মো. সবুজের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবারসহ ওই ভবনে ভাড়া থাকতেন।
একই দিন সকাল ৮টার দিকে ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের সোনাপুর ভূঞা বাড়িতে বিদ্যুতায়িত হয়ে মানিক (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি ওই এলাকার নজির আহাম্মদের ছেলে।
অন্যদিকে, মঙ্গলবার দিবাগত রাতে সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের ওয়াহিদ উদ্দিনের নতুন বাড়িতে আইপিএস মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে মো. দুলাল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি দাগনভূঞা উপজেলার দক্ষিণ করিমপুর গ্রামের জালাল আহমেদের ছেলে।
পুলিশ জানায়, বিদ্যুতায়িত হওয়ার পর তিনজনকেই পৃথক স্থান থেকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন। পরে মরদেহগুলো হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও ফেনীর সিভিল সার্জন ডা. মুহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, নিহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এএস