images

সারাদেশ

মিরসরাইয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি

১০ জুন ২০২৬, ০৮:১৪ পিএম

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চুরি হচ্ছে বৈদ্যুতিক ট্রান্সফরমার। এ নিয়ে জনমনে অশান্তি দেখা দিয়েছে। মঙ্গলবার দুপুর বেলা গোপীনাথপুর এলাকায় ট্রান্সফরমার চুরির সময় স্থানীয়রা চোর চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি মো. আব্দুল হালিম।

গ্রেফতার চোর চক্রের দুই সদস্য হলেন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর হাজীশ্বরাই এলাকার ইকবাল হোসেনের ছেলে মেহেদী হাসান আকাশ (২১) ও পিরোজপুর জেলার পিরোজপুর থানার কান্দাডুবি এলাকার হাবীব শেখের ছেলে মো. সায়েদ শেখ (২২)। তাদের কাছ থেকে একটি চোরাই ট্রান্সফরমার জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার গোপিনাথপুর এলাকায় পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার খুলছিল দুই যুবক। তাদের পরিচয় জানতে চাইলে তারা বলে বিদ্যুৎ অফিসের লোক। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে তারা বলেন এরা আমাদের লোক না। পরবর্তীতে স্থানীয়রা মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে দুই যুবককে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, ‘দিনদুপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় চোর চক্রের দুই সদস্যকে স্থানীয়দের সহায়তায় গ্রেফতার করা হয় এবং একটি চোরাই ট্রান্সফরমার জব্দ করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আরও ৭/৮ জন রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেষে বুধবার বিকেলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস