জেলা প্রতিনিধি
১০ জুন ২০২৬, ০৬:৪৭ পিএম
রাজশাহীতে সংস্কৃতি মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদফতর ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ পাঠাগার থেকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সম্পর্কিত ৩০০ বই জব্দ করেছে জেলা প্রশাসন।
বুধবার (১০ জুন) দুপুরে রাজশাহী মহানগর ছাত্রদলের দাবির মুখে বইগুলো জব্দ করা হয়।
এর আগে, বেলা সাড়ে ১১টায় রাজশাহী কলেজ প্রাঙ্গণে ভ্রাম্যমাণ পাঠাগারে কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে লেখা ও সম্পর্কিত বই পাওয়ায় বাসটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে নিয়ে আসেন মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠাগারে তল্লাশি করে তিনশ বই জব্দ করেন। বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার বয়ান সংশ্লিষ্ট কোন গ্রন্থ, সাময়িকী ও প্রবন্ধ রাখব না মর্মে মুচলেকা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব ইমদাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির এবং রাজশাহী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিকুজ্জামান প্রীতম প্রমুখ।
রাজশাহী মগনগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন জানান, ছাত্রদলের নেতা-কর্মীরা ভ্রাম্যমাণ পাঠাগারে বই পড়তে যান। এ সময় পাঠাগারের বাসে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বই পাওয়া যায়। পরে বাসটিকে জেলা প্রশাসক কার্যালয়ে নেওয়া হয়।
মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন বলেন, স্বৈরাচার পতনের পর তাদের বই পাওয়া মানে সর্ষের মধ্যে ভূত রয়েছে। একটি গোষ্ঠী আওয়ামী লীগকে পুনর্বাসনে কাজ করছে। আমরা বই গুলো জব্দ এবং দোষীদের শাস্তি চাই।
এ বিষয়ে ভ্রাম্যমাণ পাঠাগারের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, রাজশাহীতে বই রাখার জায়গা না থাকায় বইগুলো গাড়ির মধ্যেই ছিল। তবে এগুলো কাউকে পড়তে দেয়া হতো না।
তবে এ বিষয়ে কোন মন্তব্য করেননি রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
প্রতিনিধি/ এজে