images

সারাদেশ

বাগেরহাটে কৃষক দল সভাপতিকে কুপিয়ে হত্যা, বিএনপি নেতা গুরুতর আহত

জেলা প্রতিনিধি

১০ জুন ২০২৬, ০৪:৩০ পিএম

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের হামলায় সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল (৩৫) নিহত হয়েছেন। এসময় বারুইপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। আব্দুল্লাহ মোড়লকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) রাত দশটার দিকে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

হামলায় বারুইপাড়া ইউনিয়ন কৃষক দল সভাপতি নিহত ও ওয়ার্ড বিএনপির সভাপতি গুরুতর আহতের ঘটনায় বুধবার (১০ জুন) সকালে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দায়ী বারুইপাড়া এলাকায় বিএনপি বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলে জেলা ও স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা অংশ নেন। মিছিল থেকে নিহত ও আহতের ঘটনায় জড়িত জামায়াতের নেতাকর্মীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়।

নিহত মো. বাদল মোড়ল বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ছিলেন। তিনি আড়পাড়া গ্রামের জাফর মোড়লের ছেলে। গুরুতর আহত আব্দুল্লাহ মোড়ল বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং নুর মোহাম্মদ মোড়লের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় অবস্থানকালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই বাদল মোড়লের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ মোড়লকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস