জেলা প্রতিনিধি
১০ জুন ২০২৬, ১২:১৩ পিএম
চুয়াডাঙ্গা জেলার সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশ-ইন’ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে গত ২৪ ঘণ্টায় জেলার কোনো সীমান্ত এলাকায় পুশ-ইন বা পুশ-ইনের চেষ্টার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বাহিনীটি।
সীমান্তে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নিয়মিত টহলের পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে জেলার দর্শনা, জীবননগর ও দামুড়হুদা উপজেলার ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থানে রয়েছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত পারাপার রোধে বাহিনীটি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্তজুড়ে আধুনিক প্রযুক্তি ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার রোধে নিয়মিত অভিযান এবং টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় পুশ-ইন বা পুশ-ইনের চেষ্টার কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার গ্রামবাসীরাও সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি বদ্ধপরিকর। বিশেষ করে রাতের বেলায় টহল ও নজরদারি কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের সুযোগ না থাকে।
প্রতিনিধি/টিবি