images

সারাদেশ

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে হলেন সৌদি আরবের সমর্থক!

জেলা প্রতিনিধি

১০ জুন ২০২৬, ০১:১০ এএম

দীর্ঘদিনের প্রিয় দল ব্রাজিলের সমর্থন ছেড়ে দুধ দিয়ে গোসল করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মো. মিন্টু মিয়া। একই সঙ্গে তিনি সৌদি আরব ফুটবল দলের প্রতি সমর্থন জানিয়ে ৫০০ ফুট দীর্ঘ পতাকা প্রদর্শনের ঘোষণাও দিয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার ঐতিহ্যবাহী খড়মপুর হজরত শাহ পীর সৈয়দ আহম্মদ গেছুদারাছ কেল্লা শাহ (রহ.) মাজার প্রাঙ্গণে এই ব্যতিক্রমী ঘটনাটি ঘটে। মো. মিন্টু মিয়া আখাউড়া পৌর এলাকার টানপাড়ার মৃত জজ মিয়ার ছেলে।

আরও পড়ুন

দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক

আলম মিয়ার চায়ের দোকানটাই এখন আর্জেন্টিনা

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রাজিল ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত মিন্টু মিয়া মঙ্গলবার বিকেলে জনসম্মুখে দুধ দিয়ে গোসল করেন। পরে নিজেকে ‘পবিত্র’ ঘোষণা করে সৌদি আরবের জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে জড়িয়ে নতুন দলের প্রতি সমর্থন প্রকাশ করেন। এ সময় স্থানীয়দের নিয়ে একটি আনন্দ মিছিলও করেন তিনি। তার এই অভিনব কর্মকাণ্ড দেখতে উৎসুক জনতার ভিড় জমে এলাকায়।

Mintu2
তিনি এখন সৌদি আরবের সমর্থক। ছবি: ঢাকা মেইল

দল পরিবর্তনের কারণ সম্পর্কে জানতে চাইলে মিন্টু মিয়া বলেন, ‘ব্রাজিল নিঃসন্দেহে একটি অমুসলিম দেশ এবং তারা বিশ্বে মুসলিম হত্যায় জড়িত বলে আমি মনে করি। তাই বিবেকের তাড়নায় আমি ব্রাজিলের সমর্থন থেকে চিরতরে সরে আসলাম। এর বদলে আমাদের প্রিয় আরব দেশ ও মুসলমানদের পুণ্যভূমি  সৌদি আরবের ফুটবল দলের প্রতি সমর্থন জানাচ্ছি।’

আরও পড়ুন

আর্জেন্টিনা সমর্থককে মারধরের অভিযোগ ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে

মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

নতুন দলের প্রতি নিজের ভালোবাসা আরও জোরালোভাবে প্রকাশ করতে বড় পরিকল্পনার কথাও জানান তিনি। মিন্টু মিয়া ঘোষণা দেন, আগামী ১১ জুন সৌদি আরবের প্রতি তার সমর্থন ও ভালোবাসার প্রতীক হিসেবে ৫০০ ফুট দীর্ঘ একটি বিশাল সৌদি আরবের পতাকা প্রদর্শন করবেন।

প্রতিনিধি/জেবি