images

সারাদেশ

মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি

০৯ জুন ২০২৬, ১০:১২ পিএম

ফুটবল বিশ্বকাপে প্রিয় দল ব্রাজিলের পতাকা আম গাছে টানাতে গিয়ে মানিকগঞ্জে ফয়সাল (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে ৫টার দিকে সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকার তাসনুভা ফিলিং স্টেশনের আম গাছে পতাকা টানাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল ভাটবাউর এলাকার মুন্নু মিয়ার ছেলে। ফয়সাল ওই ফিলিং স্টেশনে চাকরি করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন।

আরও পড়ুন

দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ফয়সাল বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে তার প্রিয় দল ব্রাজিলের পতাকা টানানোর জন্য আমগাছে উঠেন। গাছের পাশ দিয়েই বয়ে গেছে বিদ্যুতের তার। ফয়সাল পতাকা টানানোর সময় অসাবধানতাবশত গায়ে বিদ্যুতের তার লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে যায়। পরে আশপাশের লোক জন ফয়সালকে উদ্ধার করে জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ফয়সাল ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে জেনেছি। ফয়সালের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস