images

সারাদেশ

দৌলতদিয়া পতিতাপল্লী থেকে ১০০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৮ জুন ২০২৬, ০৫:২৮ পিএম

রাজবাড়ীতে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদসহ হারুন-অর রশিদ (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

​রোববার (৭ জুন) দিবাগত রাত দেড়টার দিকে গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া পূর্বপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতার হারুন-অর রশিদ ঢাকার ধামরাই উপজেলার বারবারিয়া গ্রামের মৃত গেন্দু সরকারের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে দৌলতদিয়া পূর্বপাড়া এলাকার ৫ নম্বর ওয়ার্ডের আইয়ুব মণ্ডলের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন এবং সেখান থেকেই মাদক কারবার পরিচালনা করে আসছিলেন।

​ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল গভীর রাতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ঘরের ভেতর তল্লাশি চালিয়ে রক্ষিত ১০০ লিটার অবৈধ দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকায় হারুন-অর রশিদকে গ্রেফতার করা হয়।

994da80c-f661-403f-9268-49c2840523cd

​এ বিষয়ে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, আমরা গোপন সূত্রে খবর পাই যে দৌলতদিয়া ঘাট এলাকায় একটি বড় মাদকের চালান বিক্রির উদ্দেশে মজুত করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ডিবির একটি বিশেষ টিম সেখানে অভিযান চালায় এবং ১০০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

​ওসি আরও জানান, রাজবাড়ী জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আমাদের এই মাদকবিরোধী চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেফতার আসামির বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

​এলাকাবাসী ডিবির এই দ্রুত ও সফল অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং মাদক নির্মূলে এমন কঠোর অবস্থান বজায় রাখার দাবি জানিয়েছেন।

প্রতিনিধি/এসএস