images

সারাদেশ

৭০ ঘণ্টা পর সেই ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ

জেলা প্রতিনিধি

০৮ জুন ২০২৬, ০৩:৫৭ পিএম

পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ পুশইনের চেষ্টা করা ১০ জনকে প্রায় ৭০ ঘণ্টা পর ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

রোববার (৭ জুন) দিবাগত রাত ২টার পর তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।

এর আগে শুক্রবার ভোর ৪টার দিকে ওই ১০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে সীমান্তে দায়িত্বে থাকা বিজিবি তাদের বাংলাদেশে প্রবেশ করতে না দিয়ে নোম্যান্সল্যান্ডে অবস্থান করতে বাধ্য করে। ফলে নারী ও শিশুসহ ১০ জনকে টানা প্রায় তিন দিন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে হয়।

জানা গেছে, তাদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। সীমান্তের নোম্যান্সল্যান্ডে অবস্থানকালে তারা রোদ, বৃষ্টি ও ঝড়ের মধ্যেই দিন-রাত কাটিয়েছেন। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে এবং মানবিক উদ্বেগ দেখা দেয়।

BSF

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে বিএসএফ আবারও তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি কড়া অবস্থান নেয় এবং এ ধরনের পুশইনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

গত তিন দিন ধরে দুটি পরিবারের সদস্যসহ ওই ১০ জনকে ফেরত নিতে বিএসএফের ওপর ধারাবাহিকভাবে চাপ প্রয়োগ করে বিজিবি। একাধিক পতাকা বৈঠক ও যোগাযোগের পর অবশেষে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে সম্মত হয়।

এ বিষয়ে নীলফামারীর ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বড়বাড়ি সীমান্তে অবস্থান করা ১০ জনকে বিএসএফ তাদের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে। সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং অবৈধ পুশইন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এমআই