জেলা প্রতিনিধি
০৮ জুন ২০২৬, ০৩:৪৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী ১৩ মামলার আসামি মো. রিগানকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার রিগান শহরের কান্দিপাড়া এলাকার মৃত ইয়াছিন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর বাজার এলাকায় জনতা ব্যাংকের সামনে থেকে রিগানকে গ্রেফতার করে।
এ সময় তার হেফাজত থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রিগানের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, হত্যা, মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতির প্রস্তুতির ৯টি, হত্যা মামলা ১টি, মাদক মামলা ১টি এবং অন্যান্য ধারায় ২টি মামলা রয়েছে।
এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম। তিনি বলেন, গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস