images

সারাদেশ

মানিকগঞ্জে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

জেলা প্রতিনিধি

০৮ জুন ২০২৬, ০২:৩৫ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ডাকাতির অভিযোগে গণপিটুনিতে রাজীব (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৮ জুন) ভোররাতে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর সার্কেল সিনি. সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ।

রাজীব ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখন্ড গ্রামের ফুলবারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৭ জুন) দিবাগত মধ্যরাতে জিয়ানগর গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাকিম আলীর বাড়িতে ৪ থেকে ৫ জনের এক দল ডাকাত প্রবেশ করে। এ সময় হাকিম আলীর টিনশেড ঘরের জানালার গ্রিল কেটে ডাকাত দলের সদস্য রাজীব প্রবেশ করে। সে ঘরের ভেতর থেকে টাকা ও স্বর্ণলংকার নিয়ে বাইরে তার সহযোগীদের দেয়। এমন সময় বাড়ির গৃহকর্তা হাকিম আলী বিষয়টি টের পেয়ে বাধা দিলে ডাকাত রাজীবের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে হাকিম আলী আঘাতপ্রাপ্ত হন। হাকিম আলীর চিৎকারে আশেপাশের লোকজন এসে হাকিম আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং রাজীবকে আটক করে গণপিটুনি দিয়ে ঘটনাস্থলেই মেরে ফেলে। বর্তমানে হাকিম আলীকে উন্নত চিকিসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে আহত হাকিম আলীর বড় ভাই হুকুম আলী বলেন, ডাকাতেরা তার ভাইয়ের বাড়ি থেকে ৪ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণ নিয়ে গেছে। এই ঘটনায় এক ডাকাতকে গ্রামবাসী ও আশেপাশের মানুষ ধরে গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/টিবি