জেলা প্রতিনিধি
০৮ জুন ২০২৬, ০৪:৩১ এএম
সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান শেখকে মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পৌর ছাত্রদল।
রোববার (৭ জুন) সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান শেখ অভিযোগ করে বলেন, বহিষ্কৃত শিবির নেতা মুনতাসির মেহেদী হাসান এবং সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা তার ওপর হামলা চালান।
এ সময় উপস্থিত নেতারা বলেন, ছাত্ররাজনীতিতে সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। তারা রায়হান শেখের ওপর হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলন শেষে নেতাকর্মীরা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলী আলম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ ইসলাম সাদসহ জেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
/এএস