জেলা প্রতিনিধি
০৮ জুন ২০২৬, ০১:১৮ এএম
এক ব্যক্তিকে মোবাইল চুরির অপবাদ দেওয়ার জেরে মুন্সিগঞ্জ শহরে যুবদলের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
রোববার (০৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের নিচে শহরের সুপার মার্কেট গোলচত্বর এলাকায় কয়েক দফায় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে বিকেলে আনন্দ মিছিলের আয়োজন করে মুন্সিগঞ্জ জেলা যুবদল। শুরুতে শান্তিপূর্ণভাবে মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে যুবদল, ছাত্রদলসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে সুপার মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান দেওয়ান, সদস্য সচিব মোজাম্মেল হোসেন মুন্নাসহ অন্যান্য নেতারা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কর্মসূচি শেষ হওয়ার পর এক ব্যক্তির বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ তুলে তাকে মারধর করা হয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হট্টগোল সৃষ্টি হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের উত্তর ইসলামপুর এলাকার বিএনপি নেতা রাজু এবং দক্ষিণ ইসলামপুর এলাকার রায়হান কবিরের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোজাম্মেল হোসেন মুন্না বলেন, যুবদলের আনন্দ মিছিল শেষ হওয়ার পর মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তবে এ ঘটনায় যুবদল, ছাত্রদল বা বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়।
মুন্সিগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সজীব দে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ৪ জুন যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে আব্দুল মোনায়েম (মুন্না) সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম (নয়ন) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। ১৫১ সদস্যের এ কমিটিকে স্বাগত জানিয়ে রোববার বিকেলে আনন্দ মিছিলের আয়োজন করে মুন্সিগঞ্জ জেলা যুবদল।
/এএস