জেলা প্রতিনিধি
০৭ জুন ২০২৬, ১০:৩০ পিএম
হযরত খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘির ঐতিহ্যবাহী কুমির পুনরায় ফিরিয়ে আনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম।
রোববার (৭ জুন) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, খানজাহান আলী (রহ.) এর মাজারসংলগ্ন দিঘির কুমির বাগেরহাটের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সম্প্রতি এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করলেও দীর্ঘদিনের এই ঐতিহ্যকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, শত শত বছর ধরে মাজারের দিঘি ও সেখানে বসবাসকারী কুমির দেশ-বিদেশের দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ হিসেবে পরিচিত। কুমিরটি কেবল একটি প্রাণী নয়, বরং স্থানীয় ইতিহাস, সংস্কৃতি ও মানুষের আবেগের সঙ্গে জড়িত একটি প্রতীক। প্রশাসন চাইলে আরও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত পাহারা এবং সতর্কীকরণ ব্যবস্থার মাধ্যমে কুমিরটিকে দিঘিতেই সংরক্ষণ করা সম্ভব ছিল।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, স্থানীয় জনগণ, মাজার কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামত যথাযথভাবে বিবেচনা না করেই কুমির সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন ও উদ্বেগ সৃষ্টি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি সরকারের সংশ্লিষ্ট দফতর, জেলা প্রশাসন ও বন বিভাগের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের আবেগ, ইতিহাস ও ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে কুমিরটিকে পুনরায় মাজারের দিঘিতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। পাশাপাশি শতবর্ষী এ ঐতিহ্য সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি মাজারসংলগ্ন দিঘিতে এক শিশুকে কুমির টেনে নিয়ে যাওয়ার ঘটনায় শিশুটির মৃত্যু হয়। ঘটনার পর প্রশাসনের সিদ্ধান্তে দিঘি থেকে কুমিরটি সরিয়ে নেওয়া হয়।
প্রতিনিধি/এসএস