images

সারাদেশ

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের

জেলা প্রতিনিধি

০৭ জুন ২০২৬, ০৯:০৩ পিএম

বরগুনা সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিমল চন্দ্র শীল (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুন) দুপুর ১টার দিকে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের কাইমুদাফাত এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত পরিমল চন্দ্র শীল কাইমুদাফাত এলাকার বাসিন্দা এবং প্রয়াত প্রফুল্ল চন্দ্র শীলের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে গরু বাঁধার জন্য বিলে গিয়েছিলেন পরিমল চন্দ্র শীল। এ সময় একটি টানা তারে বিদ্যুতের মূল লাইনের সংযোগ থাকায় অসাবধানতাবশত তিনি তারটিতে স্পর্শ করেন। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি চিৎকার করে সাহায্য চান।

নিহতের ভাতিজা সুব্রত চন্দ্র শীল জানান, চাচা গরু বাঁধতে গিয়ে হঠাৎ চিৎকার করে বলেন, ‘আমাকে বাঁচাও’। আমরা দৌড়ে গিয়ে দেখি তিনি বিদ্যুতায়িত তারে আটকে আছেন। পরে বাঁশ দিয়ে তারটি সরানোর চেষ্টা করি। এরপর কয়েকজন মিলে তাকে উদ্ধার করে দ্রুত বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলিম বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এসএস