জেলা প্রতিনিধি
০৭ জুন ২০২৬, ০৭:০৯ পিএম
রংপুর মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মামলায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ।
রোববার (৭ জুন) বিকেলে মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রংপুর মহানগর পুলিশের বিভিন্ন থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
মিডিয়া সেল সূত্রে জানা যায়, রংপুর মহানগর কোতয়ালী পুলিশ বিভিন্ন অপরাধে ৩ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে চুরির মামলায় নিউ ইঞ্জিনিয়ার পাড়ার মমিনুল ইসলাম (১৯), পূর্ব খাসবাগের মো. লিখন (২০) ও ৪০ গ্রাম গাঁজাসহ শ্রী চাঁন বাঁশফোঁড় (২৮) কে গ্রেফতার করা হয়। এ অভিযানে একটি টিউবওয়েল, একটি পাগলু ফ্যান ও বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।
তাজহাট থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৯ জনকে গ্রেফতার করেছে। জুয়ার আসর থেকে গ্রেফতাররা হলেন— পানবাড়ী এলাকার রাসেল মিয়া (২২), মো. জজ মিয়া (৬৫), তাজহাটের সুমন মিয়া (৪০), মো. আলাল আলী (৩৪), ভক্তিপুর এলাকার মো. সোহাগ (৫৫)। এ সময় তাস, নগদ টাকা ও অন্যান্য আলামত জব্দ করা হয়। অন্য অভিযানে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পীরগঞ্জের মো. রজব আলী (৬০), বদরগঞ্জের মো. হযরত আলী (৩৫) ও মো. লোকমান হাকিম (২০) কে গ্রেফতার করা হয়। এছাড়া মাদক সেবনের দায়ে লালবাগ কেডিসি চুরিপট্রির ময়নাল হক (৪৫) কে আটক করা হয়।
পরশুরাম থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে মাদকসেবনের অভিযোগে জলছত্রবাজার এলাকার আরিফুল ইসলাম (৩২) ও রমজান আলী (৪৫) কে গ্রেফতার করা হয়। অপর এক অভিযানে বালাকোয়ার এলাকার আজিজুল ইসলাম (৩৮) কে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
মাহিগঞ্জ থানা পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা হলেন, পীরগাছার পারুল দেউতির গোলাম মোস্তফা (৩৫) ও লিটন মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়। এছাড়া প্রতারণা মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত জোবায়দুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করে পুলিশ।
এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট করে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতাররা হলেন, নগরীর উত্তর ফতেহপুর এলাকার ওমেদ আলী (২৬), ধাপ কেল্লাবন্দ এলাকার রানা মিয়া (৩৪), কাউনিয়া উপজেলার মহেষা এলাকার রাজু মিয়া (৪০), বখতিয়ারপুর এলাকার বিপ্লব মিয়া (২৪), কদমতলা এলাকার ফরহাদ হোসেন (৪২), নগরীর চিকলী ভাটার আরাফাত হোসেন আপলে (২২) ও কেল্লাবন্দ এলাকার মারুফ হোসেন (২৬)।
এছাড়া মাদক সেবনের দায়ে গুড়াতিপাড়ার মোঃ আওসাফ (২৪), খাটারিপাড়ার মো. সেলিম উদ্দিন (৩১), আশরতপুর এলাকার সাজ্জাদ হোসেন (৩০) ও মো. নাহিদ হাসান (৩১) কে গ্রেফতার করা হয়।
রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। রংপুর মহানগর এলাকায় মাদক, চুরি, ছিনতাই, জুয়া, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতনসহ সকল ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/এএস