images

সারাদেশ

রামুতে ছেলের গুলিতে বৃদ্ধ বাবা নিহত

জেলা প্রতিনিধি

০৭ জুন ২০২৬, ০৬:৫৪ পিএম

কক্সবাজারের রামুতে পারিবারিক বিরোধের জেরে ছেলের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মো. আয়াছ (৬৫) নামে এক বৃদ্ধ।

রোববার (৭ জুন) দুপুর ২টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মো. আয়াছ রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ধেচুয়াপালং তেলখোলা এলাকার বাসিন্দা এবং মৃত আমিন মো. আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ জুন) রাত ১১টার দিকে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে নিজ বাড়িতে মো. আয়াছের সঙ্গে তার বড় ছেলে মো. জুবায়ের (৩৭) এর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জুবায়ের তার বাবাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি গুরুতর আহত হন।

পরিবারের সদস্য ও স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তিনি মারা যান।

স্থানীয়রা জানান, অভিযুক্ত জুবায়ের নিহতের বড় ছেলে। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, ছেলের গুলিতে বাবার মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ঘটনা। দ্রুত অভিযুক্তকে গ্রেফতার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস