images

সারাদেশ

আনোয়ার হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজার থেকে গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৭ জুন ২০২৬, ০৫:০২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আনোয়ার হোসেন হত্যা মামলার প্রধান আসামি সাব্বির হোসেনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে তার বাবা আলমগীর হোসেনকেও আটক করা হয়েছে।

রোববার (৭ জুন) ভোরে কক্সবাজার সদর থানা পুলিশের সহযোগিতায় সাব্বিরকে গ্রেফতার করা হয়। পরে তার বাবাকেও আটক করে কসবা থানা পুলিশ। প্রধান আসামিকে কসবা থানায় আনা হচ্ছে।

গত শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকায় পূর্ব শত্রুতার জেরে আনোয়ার হোসেন চৌধুরীকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শনিবার রাতে নিহতের পিতা গিয়াস উদ্দিন চৌধুরী বাদী হয়ে সাব্বির হোসেন ও তার পিতা আলমগীর হোসেনকে আসামি করে কসবা থানায় হত্যা মামলা দায়ের করেন।

কসবা থানার ইন্সপেক্টর (তদন্ত) নুরুল আমিন বলেন, মামলা দায়েরের অল্প সময়ের মধ্যেই দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামিকে কসবায় আনার পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।

প্রতিনিধি/এজে