জেলা প্রতিনিধি
০৭ জুন ২০২৬, ০৪:২১ পিএম
খুলনায় পুলিশের বিশেষ যৌথ অভিযানে সন্ত্রাসী চিংড়ি বাবুর সহযোগী কাজী রাফসান মাহমুদ পার্থসহ বিভিন্ন অপরাধে ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৭ জুন) বেলা সাড়ে ১১টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার কাজী রাফসান মাহমুদ পার্থ (৩০) সন্ত্রাসী পলাশ গ্রুপের চিংড়ি বাবুর সহযোগী এবং খুলনা সদর থানা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজি, হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি।
বিজ্ঞপ্তিতে বলা হয় খুলনা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সার্বিক নির্দেশনায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ৬ জুন সন্ধ্যা ছয়টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৩৯ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে খুলনা থানার ৯ জন, সোনাডাঙ্গা মডেল থানার ৫ জন, লবণচরা থানার ১ জন, হরিণটানা থানার ৬ জন, খালিশপুর থানার ৪ জন, দৌলতপুর থানার ২ জন, আড়ংঘাটা থানার ৭ জন এবং খানজাহান আলী থানার ৫ জন রয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এসএস