images

সারাদেশ

মৃত মায়ের লাশ দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মেয়ের

জেলা প্রতিনিধি

০৭ জুন ২০২৬, ০৩:১২ পিএম

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় রেশমা বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত মায়ের শেষবারের মতো মুখ দেখতে যাওয়ার পথে তিনি এই দুর্ঘটনার শিকার হন।

রোববার (৭ জুন) সকাল আনুমানিক ৬টা ১০ মিনিটে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকায় মালেকা চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রাইভেটকার ফরিদপুর থেকে মাগুরার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে গোন্দারদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে অবস্থিত মালেকা চক্ষু হাসপাতালের সীমানা প্রাচীরে (বাউন্ডারি ওয়াল) সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা রেশমা বেগম গুরুতর আহত হন।

খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রেশমা বেগম সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আব্দুর সাত্তার গাজীর স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, তার মায়ের মৃত্যু হওয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে শেষবারের মতো মরদেহ দেখতে তিনি রওনা হয়েছিলেন।

কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে থানার হেফাজতে নেন। পরে তিনি হাসপাতাল মর্গে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পুলিশ জানিয়েছে, মরদেহ বর্তমানে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এজে