উপজেলা প্রতিনিধি
০৭ জুন ২০২৬, ০২:৩৯ পিএম
চট্টগ্রামের মিরসরাইয়ে বালু বোঝাই পিক-আপের সঙ্গে সিলেটগামী একটি ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে বন্ধ ছিল চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। প্রায় দেড় ঘণ্টা পর হাইওয়ে এবং রেলওয়ে পুলিশের সহায়তায় দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করা হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
রোববার (৭ জুন) সকাল ৯ টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় দরবারটিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, জোরারগঞ্জ দরবারর টিলা এলাকায় অবৈধ রেলক্রসিং দিয়ে সড়ক পার হওয়ার সময় একটি বালু ভর্তি পিক-আপ রেললাইনে আটকে পড়ে। ট্রেনটি কাছে চলে আসলে চালক ও চালকের সহকারী গাড়ি থেকে দ্রুত নেমে পড়েন। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি পিকআপটিকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়েমুচড়ে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী রহিম উদ্দিন বলেন, এই দুর্ঘটনার জন্য সম্পূর্ণ দোষী পিকআপ চালক। পিকআপটি যখন রেললাইনের মুখোমুখি আসছে চালককে বলছি ট্রেন আসছে। পিকআপ চালক আমার কথা না শুনে গাড়ি রেললাইনের উপর তুলে ফেলে এবং আটকে যায়। পিকআপ চালকের গাফিলতির কারণে কারণে এতো বড় দুর্ঘটনা ঘটছে।
ট্রেনের যাত্রী সাজ্জাদ হোসেন বলেন, চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করি। পথিমধ্যে জোরারগঞ্জ এলাকায় পৌঁছালে ট্রেনে একটি বিকট শব্দ শুনে ট্রেনের মধ্যে সবাই আতঙ্ক শুরু করে দেয়। কিছু দূর গিয়ে ট্রেনটি থামলে সবাই হুড়োহুড়ি করে নামতে থাকে। তবে ট্রেনে থাকা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
চিনকি আস্তানা স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বলেন, সকাল আনুমানিক ৯টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি বালু বোঝাই ট্রাকের ধাক্কা লাগে। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ট্রেনের সঙ্গে ট্রাকটি আটকে থাকায় ট্রেন চলাচল বন্ধ ছিলো। ট্রেনে আটকে থাকা দুর্ঘটনা কবলিত পিকআপটি সরিয়ে প্রায় দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
প্রতিনিধি/টিবি