জেলা প্রতিনিধি
০৭ জুন ২০২৬, ০৭:১৭ এএম
পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে হারুন গাজী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আট যাত্রী।
শনিবার (৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কলাপাড়া সেতুর উত্তর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
হারুন গাজী মহিপুর উপজেলার নজিবপুর গ্রামের সত্তার গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৮টার দিকে পাখিমারা এলাকা থেকে নয় যাত্রী নিয়ে একটি ইজিবাইক কলাপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। ইজিবাইকটি কলাপাড়া সেতুর ওপর অবস্থিত অবৈধ স্ট্যান্ডসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাকুরা পরিবহনের এক যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা সব যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আটজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠান। পরে রাত ১১টার দিকে গুরুতর আহত হারুন গাজীকে বরিশালের একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর আহতদের দ্রুত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। পরে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/টিবি