images

সারাদেশ

কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রাম্য চিকিৎসক আটক

জেলা প্রতিনিধি

০৬ জুন ২০২৬, ১০:৪২ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক গ্রাম্য চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আফতাব হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শনিবার (৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্বজনরা জানায়, শিশুটির বাবা একজন ভ্যানচালক। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে সে তার দাদির জন্য আফতাবের কাছে ওষুধ আনতে যায়। প্রায় ১ ঘণ্টা পর সে বাড়িতে আসে। বাড়িতে আসার পর সে তার মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে। এরপর সে ঘটনা খুলে বলে। তারপর মেয়েকে নিয়ে হাসপাতালে আসেন পরিবারের সদস্যরা। শিশুটির সঙ্গে এই ঘটনার দুই ঘণ্টা পর জানাজানি হলে গ্রামবাসীরা অভিযুক্তকে তার বাড়িতে অবরুদ্ধ করে রাখে। এরপর রাত সাড়ে ৮টার দিকে পুলিশ মনোহরপুর গ্রামে গিয়ে অভিযুক্ত ব্যক্তি আফতাব হোসেনকে থানায় নিয়ে আসে।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, ইতোমধ্যে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। শিশুটির পরিবার মামলা করলে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে।

প্রতিনিধি/এসএস