images

সারাদেশ

গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের মাটি উত্তপ্ত, কারণ নিয়ে রহস্য

জেলা প্রতিনিধি

০৬ জুন ২০২৬, ০৯:০৬ পিএম

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রবেশপথসংলগ্ন একটি এলাকায় অস্বাভাবিক তাপের সৃষ্টি হয়েছে। গত দুই দিন ধরে প্রায় ৫০ ফুট এলাকাজুড়ে মাটি উত্তপ্ত থাকায় স্থানীয় বাসিন্দা, রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে কৌতূহল ও উদ্বেগ দেখা দিয়েছে। তবে কী কারণে এ তাপের সৃষ্টি হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (৬ জুন) বিকেলে সরেজমিনে দেখা যায়, উত্তপ্ত স্থানটি দেখতে সেখানে মানুষের ভিড় জমেছে। গোসাইরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মাটির তাপমাত্রা কমাতে কয়েক দফা পানি দেওয়া হলেও তাতে তেমন কোনো পরিবর্তন হয়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কয়েক দিন আগে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রবেশসড়কের একটি অংশে অস্বাভাবিক তাপ অনুভূত হয়। পরে বিষয়টি আরও স্পষ্ট হলে প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়। খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়। কেউ কেউ সম্ভাব্য দুর্ঘটনা বা বিস্ফোরণের আশঙ্কার কথাও বলছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে মাটিতে গর্ত করে পানি ঢেলে তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও উত্তাপের উৎস শনাক্ত করা সম্ভব হয়নি।

গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুল রহমান মিয়া বলেন, বিষয়টি নজরে আসার পর দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রশাসন, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রোগী ও দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

hospital

গোসাইরহাট পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আব্দুল মতিন বলেন, তাঁদের কারিগরি দল ঘটনাস্থল পরীক্ষা করেছে। প্রাথমিকভাবে কোনো ধরনের বৈদ্যুতিক ত্রুটি বা লিকেজের প্রমাণ পাওয়া যায়নি। তবে সতর্কতার অংশ হিসেবে আশপাশের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হয়েছে।

গোসাইরহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা এবিএম বাসার বলেন, উত্তপ্ত স্থানে একাধিকবার পানি প্রয়োগ করা হলেও তাপমাত্রা স্বাভাবিক হয়নি। মাটির নিচ থেকেও তাপ অনুভূত হচ্ছে। তবে তাপের উৎস সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওসাদ হাসান বলেন, ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের সহায়তায় বিষয়টি পরীক্ষা করে দেখা হবে।

রহস্যজনক এ ঘটনায় গোসাইরহাট এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঘটনাস্থলের আশপাশে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

প্রতিনিধি/এআর