০৬ জুন ২০২৬, ০৮:৫০ পিএম
চাঁদপুরের ফরিদগঞ্জের সংসদ সদস্য এম এ হান্নানের সমর্থক ও নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে এবং মামলার বাদীকে গ্রেফতার ও থানার (ওসি) হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম নান্টুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা নুরুল ইসলাম নজু পাটওয়ারী, আমানত গাজী, সাবেক উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন সিপন এবং সাবেক পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী।
বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানের সমর্থক নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগের লোক আবুল খায়ের পাটওয়ারী বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলা করা হয়েছে। মামলার বাদী আবুল খায়ের পাটওয়ারীকে গ্রেফতার এবং সংশ্লিষ্ট মামলার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
আন্দোলনকারীরা বলেন, গত ৩১ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির সময় উপজেলা চত্বরে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটলেও জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, তাদের ওপর হামলার ঘটনার পরও উল্টো তাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তারা ওসি মো. হেলাল উদ্দিনের অপসারণ দাবি করেন তারা। একইসঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।
সমাবেশে সংসদ সদস্য এম এ হান্নানের সমর্থক বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ক.ম/