জেলা প্রতিনিধি
০৬ জুন ২০২৬, ০৮:২৭ পিএম
পটুয়াখালীর দুমকিতে ট্রাকচাপায় মাশরুফা খানম জান্নাতি (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) দুপুর আড়াইটার দিকে লেবুখালী–বাউফল মহাসড়কের লালখা ব্রিজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক জব্দ এবং চালক মো. জাফর হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ।
নিহত মাশরুফার বাড়ি বরগুনার আমতলী উপজেলার উত্তর টিয়াখালী এলাকায়। তিনি স্বামী কামাল হোসেনের মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাক সামনে থাকা মোটরসাইকেলকে অতিক্রম করার চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী মাশরুফা খানম জান্নাতি ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাশরুফাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/এসএস