images

সারাদেশ

বগুড়ায় মোটেল থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

০৬ জুন ২০২৬, ০৭:৩৩ পিএম

বগুড়া শহরের চারমাথায় অবস্থিত সেঞ্চুরি মোটেল থেকে বিপুল চন্দ্র পাল (৪৮) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) দুপুরে হোটেলের ৬১০ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার তদন্ত কর্মকর্তা মাহফুজ আলম।

নিহত বিপুল চন্দ্র পাল বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের পালপাড়া এলাকার মৃত জিতেন্দ্র নাথ পালের ছেলে। তিনি দুইবারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।

থানা পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিপুল চন্দ্র পাল হোটেল সেঞ্চুরিতে একটি কক্ষ রুম নেন। শনিবার দুপুরে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি কক্ষ থেকে বের না হওয়ায় হোটেল কর্তৃপক্ষ খোঁজ নিতে যায়। এ সময় কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

হোটেলের দায়িত্বরত কর্মচারী মো. এনামুল হক বলেন, রাত্রিযাপনের জন্য তিনি কক্ষটি নিয়েছিলেন। দুপুরে চেক আউটের সময় পার হয়ে গেলেও কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে পুলিশকে অবহিত করা হয়। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

সদর থানার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দীন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাবেক ইউপি সদস্য ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার কক্ষ থেকে একটি যৌন উত্তেজক ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস