জেলা প্রতিনিধি
০৬ জুন ২০২৬, ০৬:৫৫ পিএম
নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৫৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছেউপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার সারদানগর ও হুলহুলিয়া বিলে অভিযান পরিচালনা করে এসব নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।
এসময় উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, চলনবিলে নতুন পানি আসতে শুরু করেছে। এ সুযোগে কিছু অসাধু ব্যক্তি মা মাছ ও পোনা মাছ নিধন করেছে। উপজেলা প্রশাসন বিলে অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৫৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে। তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিষয়ে কোনো ছাড় নয়। বিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
প্রতিনিধি/ এজে