জেলা প্রতিনিধি
০৬ জুন ২০২৬, ০৬:২০ পিএম
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ৬ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীর দৃঢ় অবস্থানের কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই প্রচেষ্টা ব্যর্থ হয়।
বর্তমানে ওই ৬ জন সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশের শূন্যরেখা এলাকায় অবস্থান করছেন। ঘটনার পর শনিবার (৬ জুন) ভোর থেকে সীমান্তে কঠোর সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি। তেঁতুলবাড়ীয়া সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, সীমান্তের মেইন পিলার ১০৪ এর সাব-পিলার ৫ সংলগ্ন তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়া এলাকা দিয়ে ৬ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে তারা বাংলাদেশে ঢুকতে পারেনি। পরবর্তীতে বিএসএফও তাদের গ্রহণ না করায় তারা ভারতের ভূখণ্ডের কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছে।
জানা গেছে, ওই ৬ জনের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারী এবং ১ জন শিশু রয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ এর ৪৭ ব্যাটালিয়ন, কুষ্টিয়ার সহকারী পরিচালক নাজমুল হুদা জানান, আজ ভোরের দিকে সীমান্ত গেট খুলে বিএসএফ সদস্যরা ছয়জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি বাধা দিলে তারা আর বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।
তিনি আরও জানান, বর্তমানে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) চিঠি পাঠানো হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল পাঁচটায় সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।
প্রতিনিধি/এসএস