images

সারাদেশ

৩ দিনেও উদ্ধার হয়নি মেঘনায় ডুবে যাওয়া শিশু হাসিব

জেলা প্রতিনিধি

০৬ জুন ২০২৬, ০৪:২৪ পিএম

নিখোঁজের ৩ দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি ভোলার মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া শিশু মো. হাসিব (১১)। বন্ধ রয়েছে উদ্ধার তৎপরতা। 

শনিবার (৬ জুন) সকালেও ছেলেকে খুঁজে পেতে নদীর তীরে অপেক্ষা করছেন নিখোঁজ হাসিবের পরিবার।

এর আগে, গেল ৩ জুন দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন হাসিব। এরপর কোস্টগার্ড ও ফায়ারসার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়েও তাকে খুঁজে পাননি।

নিখোঁজ হাসিব ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চৌদ্দঘর গ্রামের মো. হাফিজ উল্ল্যাহর ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিলেন।

হাসিবের পরিবার জানায়, ৩ দিনেও ছেলেটিকে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা অনেক চেষ্টা করেছেন। এখন ছেলের লাশের অপেক্ষা করছি আমরা। শেষবারের মতো ছেলেটাকে একনজর দেখতে চাই। হাসিবকে খুঁজে পেতে প্রতিদিনই নদীর পাড়ে গিয়ে অপেক্ষা করেন তারা।

এদিকে, নিখোঁজ শিশুকে উদ্ধারে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযান টানা ৭২ ঘণ্টা পরিচালিত হলেও কোনো সন্ধান মেলেনি। দীর্ঘ সময় ধরে নদীর বিভিন্ন এলাকায় তল্লাশি চালানোর পর শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

ভোলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার মিরাজুল ইসলাম বলেন, নিখোঁজ শিশুকে খুঁজে পেতে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি টিম দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালিয়েছে। তাতেও শিশুটির খোঁজ পাওয়া যায়নি। টানা ৭২ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে আজ সকালে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

প্রতিনিধি/ এজে