জেলা প্রতিনিধি
০৬ জুন ২০২৬, ০৩:৩১ পিএম
বৈরি আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে কর্তৃপক্ষ।
শনিবার (৬ জুন) দুপুর আড়াইটার পর থেকে এ নৌপথে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে।
ঘাট কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ২টার পর হঠাৎ দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকার আকাশ কালো মেঘে ছেয়ে যায়। কিছুক্ষণ পর তীব্র ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়। বাতাসের তীব্রতায় পদ্মা নদীতে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়। এতে নৌচলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, হঠাৎ নদীতে তীব্র ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টি শুরু হওয়ায় পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিনি বলেন, আবহাওয়া পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। ঝড়ের তীব্রতা কমে পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল আবার শুরু করা হবে।
আকস্মিকভাবে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘাটের দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহনের চালকেরা ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
প্রতিনিধি/এআর