images

সারাদেশ

ঠাকুরগাঁও সীমান্তে শিশুসহ ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জেলা প্রতিনিধি

০৬ জুন ২০২৬, ০২:৫৬ পিএম

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে গভীর রাতে শিশুসহ ১১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির সতর্কতা ও কঠোর নজরদারিতে চেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার (৬ জুন) রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুর ব্যাটালিয়নের(৪২ বিজিবি) আওতাধীন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

দিনাজপুর ৪২ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে বিজিবি সদস্যরা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। এ সময় ভারতের অভ্যন্তর থেকে ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশুসহ মোট ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিষয়টি বুঝতে পেরে বিজিবি সদস্যরা দ্রুত সতর্ক অবস্থান গ্রহণ করে এবং সীমান্তে নিরাপত্তা জোরদার করে।

বিজিবির উপস্থিতি ও কঠোর অবস্থানের কারণে পুশইনের চেষ্টা ব্যর্থ হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়। বর্তমানে ওই ১১ জন ভারতের সীমান্ত এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।

এ বিষয়ে ৪২ বিজিবি জানায়, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত দিয়ে যে-কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন কিংবা চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পুশইনের অভিযোগ সামনে আসায় সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। এরই প্রেক্ষাপটে ঠাকুরগাঁও সীমান্তেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তে যে-কোনো পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্তে যে-কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। আমাদের সদস্যরা সার্বক্ষণিক টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছেন।

প্রতিনিধি/এজে