জেলা প্রতিনিধি
০৬ জুন ২০২৬, ০১:১৯ পিএম
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে থাকা ঘুঘুর বাচ্চা পাড়তে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে তেরোখাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম সাজ্জাদ হোসেন (১৪)। কিশোরের বাবার নাম সাজু, বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে । তারা রাজপাড়া থানা এলাকার গ্রেটার রোড বন্ধ গেইট মসজিদ বাকীর পিছনে একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। সকালে বিভাগীয় স্টেডিয়ামের সামনে ফ্লাইওভারের পূর্ব পাশের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বেলা পৌনে ১১টার দিকে তারা এই সংক্রান্ত একটি টেলিফোন পান। তেরখাদিয়া স্টেডিয়ামের মেইনগেটের সামন বৈদ্যুতিক পোলে ঘুঘু পাখির বাসা থেকে পাখির বাচ্চা নামিয়ে আনার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বাড়ির টিন ও তারের সঙ্গে জড়িয়ে কিশোর সাজ্জাদ ঝুলে ছিলো। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বেলা সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পরবর্তী পুলিশি আইনি কার্যক্রম শেষে কিশোরের মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে।
এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, বেলা ১১টা ১৫ মিনিটে হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। এরপর আমরা তাকে মৃত ঘোষণা করি। তাকে অবশ্য মৃত অবস্থায় নিয়ে আসা হয়।
প্রতিনিধি/টিবি