images

সারাদেশ

দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, দুই তরুণ নিহত

জেলা প্রতিনিধি

০৬ জুন ২০২৬, ১১:২৭ এএম

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কায় দুই তরুণ নিহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সকাল ৮টার দিকে উপজেলার ছুফুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মিয়াবাজার হাইওয়ে ক্রসিং থানার ওসি রুহুল আমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে দ্রুতগতিতে চলা একটি মোটরসাইকেল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মদিনা পরিবহনের একটি বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এছাড়া দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাসটি জব্দ করে। তবে বাসটির চালক ও তার সহকারী পালিয়ে যান।

ওসি রুহুল আমিন আরো জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এমআর